ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
জোটের স্বার্থ বিবেচনায় এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা এলডিপির সভাপতির মাধ্যমে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এলডিপি প্রার্থী মোকফারউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেননা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলডিপির ভোলা জেলা সভাপতি মো. বশির আহমেদ। তিনি জানান, ভোলা-২ আসনে ১০ দলীয় জোটের শরিক দল হিসেবে এলডিপি জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দেন।
এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী
উপস্থিত না থাকায় তার পক্ষে সাংবাদিক সম্মেলনে এলডিপি সভাপতি মো. বশির আহমেদ বলেন, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও অবদানকে সম্মান জানিয়ে এবং ১০ দলীয় জোটের ঐক্য বজায় রাখার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, রাজনীতির মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ব্যক্তিগত স্বার্থ বা প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
মোকফার উদ্দিন চৌধুরীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক দায়িত্বশীলতা ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন জোটের নেতৃবৃন্দ। তারা এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা এলডিপির সহ-সভাপতি মো. সবুজ এবং সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক।